ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বন্ধ হয়ে যাওয়া সীমান্ত বিদেশিদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বন্ধ হয়ে যাওয়া সীমান্ত বিদেশিদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মালয় সরকারের উপদেষ্টা পরিষদ বলেছে, দেশের পর্যটন খাতকে পুনরুজ্জীবিতের জন্য আগামী ১ জানুয়ারি থেকে সীমান্ত পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।


টিকাদান কর্মসূচি জোরদারের ফলে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের হার ধীর হওয়ায় গেল কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে অর্থনীতি পুনরায় চালু করেছে দেশটি। মালয়েশিয়ার সরকারের পরিসংখ্যানে দেখা যায়, দেশটির ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশিকে এরই মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধী ভেকসিন দেওয়া হয়েছে।


মালয়েশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির নেতৃত্বদানকারী উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মহিদ্দিন ইয়াসিন দাবি করেন, বিদেশিদের ছাড়া দেশের পর্যটন শিল্পের পুনরুদ্ধার অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। অপারেটরদের ব্যবসা পুনরায় শুরু করার জন্য সময়ের দরকার বলে মন্তব্যটি করেন তিনি।


তিনি আরও বলেন, কোভিড-১৯ পরীক্ষার মতো সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বহাল থাকবে। এছাড়া বিদেশিদের নিজ দেশের করোনা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে প্রবেশাধিকার নির্ধারণ করবে কর্তৃপক্ষ।


যদিও ঠিক কবে সবকিছু পুরোপুরি খুলে দেওয়া হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি ইয়াসিন। দেশটির স্বাস্থ্য এবং নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।


বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুরের সঙ্গে ভেকসিন নেওয়া লোকজনের জন্য কোয়ারেন্টিন মুক্ত ভ্রমণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া। গুরুত্বপূর্ণ এই ঘোষণা অনুযায়ী- টিকা গ্রহণ করা নাগরিকরা কোনো ধরনের কোয়ারেন্টিন ছাড়াই উভয় দেশ ভ্রমণে যেতে পারবেন। ইন্দোনেশিয়ার সঙ্গেও একই ধরনের ভ্রমণ করিডর পর্যায়ক্রমে চালু করা হতে পারে বলে জানিয়েছে দেশটি।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে। সূত্র : রয়টার্স

ads
ads
ads

Our Facebook Page

↑